টেকনাফে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত
কক্সবাজারের টেকনাফে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে রশিদ আহমদ (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের প্যান্ডল পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম (২৮) স্থানীয় মৃত সুলতান আহমদের ছেলে। গ্রেফতার রশিদ আহমদ একই এলাকার জাফর আলমের ছেলে এবং নিহত ব্যক্তির ভাগিনা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুলাভাই জাফর আলমের কাছ থেকে ধার নেওয়া ২ কেজি চাল নিয়ে বিবাদে জড়ায় শ্যালক শাহ আলম। এক পর্যায়ে দুলাভাই জাফর শ্যালক শাহ আলমকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে কক্সবাজার যাওয়ার পথেই তার মৃত্যু হয়।