ওসির হাত কেটে নেয়ার হুমকি এমপি মুস্তাফিজুরের


বাঁশখালী থানার ওসিকে হাত কেটে ফেলার হুমকি দিলেন চট্টগ্রাম-১৬ আসন বাঁশখালীর সংসদ সদস্য নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।

শুক্রবার (৫ জানুয়ারি) ওসি তোফায়েলের সঙ্গে মোস্তাফিজুরের মোবাইলে কথোপকথনের একটি অডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এতে পুলিশের হাত কেটে নেওয়া সংক্রান্ত বক্তব্য শোনা গেছে।

ওসির সঙ্গে মোস্তাফিজুরের মোবাইল ফোনে কথোপকথন-

মোস্তাফিজুর: ছনুয়া ইউনিয়নে এসআই হাফিজ (হাফিজুর রহমান) কেন গেছে?

ওসি: সে তো ২টা থেকে রাত ৯টা পর্যন্ত থেকে চলে আসছে।

মোস্তাফিজুর: কী জন্য গেছে?

ওসি: ওটা তো আমাদের নিয়মিত ডিউটি করার জন্য। প্রত্যেক ইউনিয়নে একটা করে টিম যায়।

মোস্তাফিজুর: আমার কোনো লোকের ওপর যদি হাত দেয়, তাহলে হাত কেটে ফেলব কিন্তু বলে দিলাম।

ওসি: দেবে না স্যার, আমি বলে দিচ্ছি।

মোস্তাফিজুর: ওখানে নাকি আমাদের লোকজন ধরার জন্য হাফিজ গেছে। আমাদের আলমগীর একটা আছে, তাকে খুঁজছে।

ওসি: না না স্যার ও তো নেই, ও অনেক আগেই চলে আসছে।

মোস্তাফিজুর: এমনি ঘুরে–ফিরে থাক অসুবিধা নেই; কিন্তু আমার কোনো লোকের ওপর হাত দিলে অসুবিধা হবে।

ওসি: অবশ্যই স্যার, আপনি যেভাবে বলবেন।

মোস্তাফিজুর: আপনি তো আমার ঘরেও পুলিশ পাঠিয়েছেন।

ওসি: স্যার আপনার সঙ্গে তো আমি কথা বললাম সেদিন। পুলিশ পাঠাইনি। আপনার বাড়িতে তো এমনি পুলিশ নিয়মিত যায়। ওখানে আপনার সঙ্গে ডিটেইল কথা বলছি। আরও আপনার সম্মান বাঁচানোর জন্য চেষ্টা করছি, এমপি সাহেবের বাড়িতে সাদা পোশাকে গেছে।

মোস্তাফিজুর: কী জন্য আসছিল?

ওসি: কোনো কারণে না। কাউকে ধরার জন্য নয়।

মোস্তাফিজুর: চাম্বলের মুজিবের (ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী) ওপরও যাতে কোনোরকমের ইয়ে না হয়। ও ওখানে যেন কাজ করতে পারে, খেয়াল রাখিও।

ওসি: হবে না স্যার। অবশ্যই স্যার।

এ ব্যাপারে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর মোবাইল ফোনে একাধিক ফোন করা হলেও রিসিভ করেননি।

ওসি ও এমপির অডিও রেকর্ডটি নির্বাচনি প্রতিপক্ষরা এডিট করেছে বলে ফেসবুকে দাবি করেন এমপির পিএস কেএম মোস্তাফিজুর রহমান রাসেল।

বাঁশখালী থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অডিও ক্লিপটি নিশ্চয় আপনারা দায়িত্বশীল জায়গা থেকে পেয়েছেন। যেহেতু দায়িত্বশীল জায়গা থেকে পেয়েছেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। এ বিষয়ে আমার একটাই কথা— নো কমেন্টস।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.