চমকে হাসপাতাল থেকে ৫ দালাল আটক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পাঁচ দালালকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) সকালের দিকে হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার জুয়েল ইফতেখার শাওন (২৯), সীতাকুণ্ডের আলাউদ্দিন ওরফে মাসুদ (৪২), ভোলার মো. সজীব হাওলাদার (২৪), খাগড়াছড়ির ৩ নম্বর ওয়ার্ডের শামীম (২৮) এবং লোহাগাড়ার ওমর ফারুক (৩২)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের বর্হিবিভাগ ও বিভিন্ন ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। সকাল থেকে তারা ওয়ার্ডের চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। চিকিৎসার ব্যবস্থা করাসহ নানা উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে রোগীদের নানাভাবে হয়রানি করতেন তারা। আটকদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।