পুলিশ হেফাজতে মৃত্যু: চান্দগাঁও থানার ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় চান্দগাঁও থানার ওসিসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
আজ সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী ফৌজিয়া আনোয়ার।
মামলার আসামিরা হলেন— চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম, একই থানার পরিদর্শক (তদন্ত) মো. মবিনুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসফ, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা, চান্দগাঁও এক কিলোমিটার এলাকার বাসিন্দা এস এম আসাদুজ্জামান, একই এলাকার যুবলীগকর্মী মো. জসীম উদ্দিন, মো. লিটন, রনি আক্তার তানিয়া ও কলি আক্তার।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভাকেট আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালত ভুক্তভোগীর পক্ষে করা মামলার আবেদন এজাহার হিসেবে গণ্য করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মামলাটি পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৫ (২) ও দণ্ডবিধির ১০৯ ধারায় ফৌজদারী অভিযোগ আনা হয়েছে।
গত ৩ অক্টোবর রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় গৃহকর্মীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগের মামলার আসামি দুদকের সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেপ্তার করে থানায় আনেন সাদা পোশাকে আসা দুই পুলিশ সদস্য।
ওইদিন রাত ১২টা নাগাদ থানা হেফাজতে অসুস্থ হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।