রামগড়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
খাগড়াছড়ির রামগড়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার বনবিথী ও যৌথখামার এলাকার মধ্যবর্তী রামগড়-জালিয়াপাড়া সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে সড়কে অজ্ঞাত একটি লাশ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।