সেন্টমার্টিনে অজ্ঞাত দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে দক্ষিণে হুলবুনিয়া নামক স্থানে সমুদ্র সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মরদেহ দুটির মধ্যে একজনের বয়স আনুমানিক ৩৫ বছর ও অন্যজনের বয়স ২৮ বলে ধারণা করছে পুলিশ।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, জোয়ারের পানিতে হুলবুনিয়া এলাকার সৈকতে সকাল সাতটার দিকে ভেসে আসে দুজনের অর্ধগলিত মরদেহ। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করেন।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের স্থানীয়দের বরাতে বলেন, শুক্রবার সকালে জোয়ারের সময় অর্ধগলিত দুইটি মরদেহ ভেসে আসে। তবে মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল। মরদেহ দুটির ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।