কোতোয়ালিতে চার ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ জুন) কোতোয়ালি থানাধীন শাহ আমানত মাজার ও লালদীঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার তিতাস থানার ফরিদপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মাহাবুব ইসলাম রিয়ন ওরফে মোহাম্মদ আলী (৪৩), ময়মনসিংহের ফুলপুর থানাধীন পলাশকান্দা গ্রামের মৃত বাবুল হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদার ওরফে মধু (২৮), নেত্রকোনার খালিয়াজুরি থানাধীন কৃষ্ণপুর গ্রামের আক্কাছ মিয়ার ছেলে রিপন মিয়া (২৫) এবং সিলেটের গোয়াইনঘাট থানাধীন জাফলংয়ের মৃত জয়নাল সরদার ওরফে কাজল ওরফে আনোয়ার হোসেনের ছেলে মো. তুষার মোল্লা হৃদয়(৩৫)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গত শুক্রবার দুপুরে কোতোয়ালি থানা এলাকায় হ্যাপি চৌধুরী নামে এক নারী রিকশায় করে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। তার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী সৈকত চৌধুরী থানায় অভিযোগ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, শনিবার অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের সোনার চেইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মধুর বিরুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন থানায় চুরি ছিনতাইয়ের পাঁচটি মামলা রয়েছে।