টেকনাফে ৭ কেজি আইস ও ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ৭ কেজি ৩৮২ গ্রাম আইস ও পৌনে তিন লাখের বেশি ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি।
বুধবার (১০ মে) রাতে টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং জেলার মংডু থানার প্রামপুর এলাকার মো. রবি মোল্লা এবং একই এলাকার মোহাম্মদ আয়াজ।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, বুধবার রাতে হ্নীলার নাফ নদীর বড়ইতলী এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবি অভিযান চালায়। একপর্যায়ে শূন্যরেখা অতিক্রম করে নৌকা নিয়ে দুই জন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার সংকেত দেন। তখন মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, নৌকায় তল্লাশি করে মাছ ধরার জালের ভেতর লুকিয়ে রাখা ৭ কেজি ৩৮২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওইরাতেই সাবরাংয়ের নোয়াপাড়া থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। এ ছাড়া নাফ নদীস্থল নাজিরপাড়া এলাকায় অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ক্রিস্টাল মেথ আইসসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া উদ্ধার ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে।