সীতাকুণ্ডে ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে প্রাণ গেল মেকানিকের
চট্টগ্রামের সীতাকুণ্ডে রড ভর্তি একটি ট্রাকের নিচে কাজ করার সময় চাপা পড়ে মো. আবুল হোসেন (৪৫) নামে এক গাড়ি মেকানিক নিহত হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবুল হোসেন সীতাকুণ্ডের কুমিরার ঘাটঘর এলাকার মো. আলী হোসেনের ছেলে। তিনি গাড়ির মেকানিক ছিলেন।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, রডবোঝাই ট্রাকটি মহাসড়কের পাকা মসজিদ এলাকা অতিক্রমকালে হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় গাড়ির মেরামত কাজ করতে ঘটনাস্থলে আসেন মেকানিক আবুল হোসেন। ট্রাকের নিচে মেরামত কাজ করার সময় হঠাৎই জগটি সরে গেলে আবুল হোসেন ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, বিনাময়নাতদন্তে মরদেহ পেতে নিহতের স্বজনরা লিখিত আবেদন করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।