লোহাগাড়ায় ২০ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী হানিফ বাস থেকে ২০ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলা জেলার দৌলতখান থানার চরপাড়া হাওলাদার বাড়ির মো.বেলায়েতের ছেলে মো.রুবেল (৩২) ও সাতকানিয়ার কাঞ্চনা জোট পুকরিয়ার আবুল কাশেমের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে ওমর আলী (৫০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রতারক চক্রটি সবজির বাজারের ব্যাগভর্তি করে সবজির নিচে অভিনব কৌশলে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উল্লিখিত এলাকায় পৌঁছালে এসআই মাহফুজুর রহমানের সঙ্গীয় ফোর্স চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ২০টি ১ হাজার টাকার বাণ্ডেলসহ (২০ লাখ টাকা) দুইজনকে গ্রেপ্তার করা হয়।