নানিয়ারচরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় নেন্সি চাকমা (১৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৪ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজাছড়ি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নেন্সি চাকমা রাঙামাটি সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও বাঘাইছড়ির করেঙ্গাতলীর জ্যোতিময় চাকমার মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে রাঙামাটি-নানিয়ারচর রোডে নানিয়ারচরগামী একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে পেছনে ধাক্কা লাগে। এতে মোটরাসাইকেলে আরোহী নেন্সি চাকমা গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানিয়েছেন, ঘটনা সম্পর্কে আমরা জেনেছি। ইতিমধ্যে তদন্তে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।