চট্টগ্রাম বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যরা।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় এক যাত্রীকে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে এ স্বর্ণ পাওয়া যায়।
আটক জসিম উদ্দীন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।
জানা যায়, সকাল ৯টা ২০ মিনিটে এয়ার এরাবিয়ার G9-526 ফ্লাইটে শারজাহ থেকে জসিম উদ্দিন নামের ওই যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। এরপর তল্লাশি করে ওই যাত্রীর কাছ থেকে ২ দশমিক ০৯ কেজি স্বর্ণ (২৪ ক্যারেট), ২টি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার মিলে মোট ২ দশমিক ৪২৩ কেজি স্বর্ণ ও বিপুল পরিমাণ কসমেটিকস পাওয়া যায়। ওই যাত্রী স্বর্ণগুলো একটি কুকিং মেশিনের ভেতরে কয়েলে রূপান্তর করে চোরাচালানের চেষ্টা করেছিলেন। পরবর্তীতে তা এনএসআই টিম খুলে উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্সের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণ, স্বর্ণবার ও স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা বলেও জানা গেছে।
স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় ওই যাত্রীকে ফৌজদারি মামলার মাধ্যমে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।