গাইবান্ধা থেকে অপহৃত স্কুলছাত্রী পতেঙ্গায় উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার


গাইবান্ধায় জেলার পলাশবাড়ি থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে চট্টগ্রামের পতেঙ্গা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ ঘটনায় অপহরণকারী মো. শাকিল মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টায় পতেঙ্গা থানাধীন কর্ণফুলী ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ি এলাকায় ভুক্তভোগী শিক্ষার্থীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিতো শাকিল মিয়া। বিষয়টি ওই শিক্ষার্থী তার বাবা-মাকে জানায়। শিক্ষার্থীর বাবা-মা তার মেয়েকে উত্যক্ত না করতে শাকিল মিয়াকে অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ মে বিকেলে কোচিং থেকে ফেরার পথে শাকিল মিয়া অজ্ঞাতনামা আরও দুই-তিন জনের সহায়তায় ওই শিক্ষার্থীকে অপহরণ করে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সোয়া ৩টায় পতেঙ্গা থানাধীন কর্ণফুলী ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণ চক্রের মূলহোতা মো. শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.