মানববন্ধন করতে ঢাকা যাওয়ার পথে সলিমপুরের ৬০ বাসিন্দা আটক
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ঢাকায় যাওয়ার পথে দুটি বাস থেকে জঙ্গল সলিমপুরের ৬৩ জন বাসিন্দাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর থেকে দুটি বাসযোগে বিক্ষোভকারীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে আমরা গোপন সূত্রে খবর পাই। পরে পুলিশ ওই বাসের ৬৩ জন যাত্রীকে আটক করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, সম্প্রতি সরকারের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও প্রশাসনের উপর হামলার ঘটনায় কয়েকটি মামলা হয়েছে। আটকদের অনেকেই এসব মামলার আসামি। তাদের মধ্যে ঐসব মামলার কারা আছে, তা যাচাই করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।