পটিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ও সহযোগী গ্রেফতার
চট্টগ্রামের পটিয়ায় ১৪শ পিস ইয়াবাসহ গাজী আতিকুল ইসলাম আলভী (২২) ও আশরাফুল ইসলাম প্রকাশ শাওন (২২) নামের দুই জনকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বঙ্গবন্ধু সড়ক এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত গাজী আতিকুল ইসলাম আলভী পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও আশরাফুল ইসলাম প্রকাশ শাওন আলভীর সহযোগী বলে জানা যায়।
জানা গেছে, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী মো. আলভীসহ ৪ জন ইয়াবা পাচারের এমন খবর পেয়ে একদল পুলিশ সেখানে ছুঁটে যান। এক পর্যায়ে পটিয়া থানার উপ-পরিদর্শক ছৈয়দ মো. আসাদুজ্জামানকে দেখতে পেয়ে ছাত্রলীগ নেতা আলভীসহ ৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ আলভী ও আশরাফুল ইসলামকে আটক করতে সক্ষম হলেও দুইজন পালিয়ে যায়। পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে বাকি দুইজন নাঈম ও ফাহিমের নাম পাওয়া যায়।
গ্রেপ্তারের বিষয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক মো. ছৈয়দ আসাদুজ্জামান জানান, ১৪শ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতারের ঘটনায় থানায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার বিষয়ে পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক অজয় শীল জানান, ইয়াবাসহ যুগ্ম আহবায়ক গ্রেফতারের ঘটনাটি দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। শীঘ্রই আলভীর রিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।