মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেল চালকের
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে গ্রীনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন। এ সময় বাসের আরো তিন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ আগস্ট) ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাস চালকের নাম মো: আলী হোসেন (৫৬)। তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। আহতরা হলেন মো: তৈমুর খান, মো: রাজু মিয়া ও তরিকুল ইসলাম।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৬টায় মিরসরাই ফিলিং স্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী গ্রীনলাইন পরিবহনের দ্রুতগতির একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের চালক মারা যান। এ সময় বাসে থাকা আরো তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ি ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বাসচালকের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা থানায় আসছে। তারপর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।