ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময়ে শিক্ষা উপমন্ত্রী নওফেল
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রথম ও দ্বিতীয় জামাত নগরীর ঈদ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জুলাই) সকাল পৌনে ৮টায় এবং পৌনে ৯টায় এ দুটি জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। প্রথম জামাতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল , চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ ও সাবেক মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিনসহ সকল শ্রেণী পেশার মুসল্লীরা ঈদুল আজহার নামাজ এক সাথে আদায় করেন এবং মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে মঙ্গল কামনা করেন।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সকলের সাথে নামাজ আদায় শেষে তিনি নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি যেন বিশ্ববাসীকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দেশে চলমান বন্যা পরিস্থিতি, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ সকল সংকট থেকে উত্তরণের তৌফিক দান করেন। সাথে সাথে তিনি বৈর্জ্য ব্যবস্থাপনার কাজটি সঠিকভাবে করার জন্য অনুরোধ জানিয়েছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন নগরবাসীকে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বৈর্জ্য ব্যবস্থাপনার কাজ সকলকে সঠিক সময়ের মধ্যে শেষ করতে অনুরোধ জানান।ঈদগাহ ময়দানে আইন শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনী মুসল্লীরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে, জনমনে যেন কোন প্রকার অস্থিরতা সৃষ্টি না হয় সে লক্ষ্যে ময়দানের প্রতিটি গেইটে প্রতিনিয়ত নজরদারি অব্যাহত রাখেন।