সাতকানিয়ায় চাঞ্চল্যকর গৃহবধু হত্যায় জড়িতদের বিচারের দাবীতে মানব বন্ধন
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনা ইউনিয়নের ৪ ওয়ার্ডে গৃহ বধু পিংকি দাশকে হত্যার অভিযোগে হত্যার সাথে জড়িতদের বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও পটিয়া নাগরিক কমিটি। বুধবার (৬ জুলাই) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা স্বামী অলক দাশ ও তার ভগ্নিপতি শিমুল দাস এবং বোন মুন্নি দাশ ও সন্তুষ মেম্বার কর্তৃক নির্মমভাবে হত্যাকান্ডে স্বীকার পিংকি দাশ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন পটিয়া নাগরিক কমিটি।
মানববন্ধন চলাকালে ব্যানারে মায়ের ছবি দেখে নিহত পিংকি দাশের অবুঝ শিশু অপসরা দাশ (৭) ও অরজুন দাশ (৬) কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তারা কান্না বিজড়িত কণ্ঠে মায়ের হত্যাকারীদের বিচার দাবী করে ব্যানারে মায়ের ছবি জড়িয়ে ধরে তারা বলেন, মা আস আমরা বাড়ী যায়, ও মা তুমি আমাদের সাথে যাবে না, আমাদের আদর করবে না, আমাদের ভাত খাওয়াবে না! এমন কথা গুলো সবার হৃদয় কেড়ে নেয়। পটিয়া নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দাদু রতন বিশ্বাস, শুভ্রত কানুনগো, লোকমান হোসেন বাপ্পা, ভাই দিপংকর বিশ্বাস, দুলাল বিশ্বাস, মানুশুকলা দাশ, চন্দন শুকলা দাশ, সপ্না বিশ্বাস, শান্তা বিশ্বাস, গৌরি বিশ্বাস, মিরা বিশ্বাস, টুনু চক্রবর্তী, লিপি চক্রবর্তী ও জুয়েল দত্ত। মানববন্ধনে নিহতের পরিবার বলেন, গত ২৫জুন বিকালে পিংকি দাশকে তার স্বামী অলক দাশ, বোন মুন্নি দাশ, ভগ্নিপতি শিমুল দাস এবং সন্তুষ দত্ত মিলে শারীরিক ও মানসিক নির্যাতন করে নির্মমভাবে নিজ গৃহে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়। হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেষ্টা করে তারা। সুরতহাল রিপোর্টেও শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছে, এছাড়াও ফাঁসি খেয়ে আত্মহত্যা করেছে বললেও আমার বোনকে পুলিশ কিংবা কোন আত্মীয় স্বজন ফাঁসিতে ঝুঁলানো অবস্থায় দেখেনি। মুখে কিংবা গলায় ফাঁসিতে আত্মহত্যার আলামতও পাওয়া যায়নি বলে দাবী করেন নিহতের ভাই দিপংকর বিশ্বাস।
মানববন্ধনে বক্তব্যে পিংকি দাশের ভাই দিপংকর বিশ্বাস বলেন, আমার বোনকে বিভিন্নভাবে নির্যাতন করতো স্বামী অলক দাশ, বিয়ের পর থেকে সব সময় বোনকে জ্বালাতন করতো অলকের বোন মুন্নি দাশ ও ভগ্নিপতি শিমুল বিশ্বাস। বোনের সুখের জন্য বিভিন্ন সময় নগর অর্থদিয়েও অলককে সহযোগিতা করেছি। আমাদের টাকা দিয়ে বোনের জামাইকে বিদেশে পাঠিয়েছি। তিনি বলেন, অলক দাশ ভারতের বারশতে রুমকী দে নামক এক নারীর সাথে পরকীয়া রয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তিনি আরো বলেন, ১১বছর আগে আমার বোনের সাথে অলক দাশের বিয়ে হয়। গত দুই মাসে আগে কাঁঠালের পাতা খাওয়ার সময় ছাদ থেকে পড়ে গিয়ে ফাঁস খেয়ে একটি ছাগলের মৃত্যু হয়। ননদের কথা মতো শাশুড়ীকে না জানিয়ে ছাগলটি কেটে ফেলা হয়। অপরাধ ছিল এতটুকুই। এরপর থেকেই শুরু হয় তার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন। দেড় মাস আগে স্থানীয় চার নম্বর ওয়ার্ডের মেম্বার সন্তোষ দত্ত পিংকিকে ধর্ষণের চেষ্টা করেছিল বলে ননদ মুন্নি দাশের পরোচনায় স্বামী এ অভিযোগ করেন। এ ঘটনায় সাতকানিয়া থানায় মেম্বারের বিরুদ্ধে একটি মামলাও করা হয়। এ ঘটনার পর থেকে পিংকিকে অপবাদ দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।