কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা নিহত
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ইউপির ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ফয়সাল উদ্দীন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
রোববার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুরুশকুলের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল উদ্দিন (২৫) খুরুশকুলের দক্ষিণ ডেইলপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ত্রিভুজ প্রেমের সূত্রে ২নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল হুদা হত্যায় ফয়সালকে অভিযুক্ত করে আসছিল নুরুল হুদার স্বজনরা। রোববার খুরুশকুল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ফয়সালকে আক্রমণের চেষ্টা চালায় তারা। কিন্তু সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের কারণে নুরুল হুদার স্বজনরা ফয়সালকে আক্রমণে ব্যর্থ হয়। পরে পুলিশ পাহারায় তাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে আ.লীগের নেতারা। সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে নিহত নুরুল হুদার বাড়ির সামনে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এসময় গুলিবর্ষণও করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, পূর্ব শত্রুতার জেরে তিনি হত্যার শিকার হয়েছেন। হত্যাকারীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।