বাকলিয়ায় চাঁদাবাজির মামলায় একজন গ্রেফতার


চট্টগ্রাম নগরীর বাকলিয়া-নতুন ব্রিজ এলাকায় চাঁদাবাজির ঘটনার মূল হোতা মো. জানে আলমকে (৪১) গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

আজ রোববার (২২ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বাকলিয়া থানার ওসি রাশেদুল হক।

তিনি জানান, বাকলিয়া-নতুন ব্রিজ এলাকার ত্রাস, চাঁদাবাজদের নেতৃত্বদানকারী এবং ভাসমান ভ্যানগাড়ি ও হকারদের কাছ থেকে চাঁদা আদায়কারী এই জানে আলম। চাঁদা না পেয়ে এক ফল বিক্রেতার ওপর হামলা-ভাংচুর মামলার আসামি সে।

চন্দনাইশের পশ্চিম কেশুয়া ১ নম্বর ওয়ার্ডের ছোরত আলীর বাড়ির মৃত গুরা মিয়ার ছেলে জানে আলম চট্টগ্রাম অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে রয়েছে।

পুলিশ জানায়, গত ১৬ মে জানে আলমের নেতৃত্বে সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্যরা নতুন ব্রিজ এলাকায় ভ্যান গাড়িতে ফল বিক্রেতা মো. বাদশার (২০) কাছে চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় জানে আলম তার সহযোগী আরাফাত, মো. আলী ও জাবেদুল ইসলামকে নিয়ে ১৭ মে রাত ৯টার দিকে নতুন ব্রিজ সংলগ্ন নবাব খাঁ কলোনির সুমনের দোকানের সামনে বাদশার পথরোধ করে।

এসময় তাকে মারধর করে এবং ভ্যানগাড়ি ভাংচুর করে।

পরে থানায় মামলা হলে অভিযান চালিয়ে অন্য আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলেও মূল হোতা জানে আলম পালিয়েছিল।

রোববার (২২ মে) দুপুরে আসামি জানে আলমকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি রাশেদুল হক।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.