চট্টগ্রামে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি
চট্টগ্রাম মহানগরে স্ত্রীকে ফোন দিয়ে উক্তত্যের প্রতিবাদ করায় মোবাইল ফোনে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম রাশেদ নামে এক তরুণের বিরুদ্ধে। ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল সোমবার কোতোয়ালী থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিক সাহাব উদ্দিন।
ডায়েরী সুত্রে জানা যায়, আরিফুল ইসলাম রাশেদ নামে ওই তরুণ দীর্ঘদিন থেকে ওই সাংবাদিকের স্ত্রী স্কুল শিক্ষিকা সাবিনা ইয়াছমিন জবা কে অপরিচিত নাম্বার থেকে ফোন করে উত্যক্ত করে আসছিল। বিষয়টি জানার পর গত ১৩ মে রাত ১০ টা ১২ মিনিটের দিকে তাকে ফোনে উত্যক্ত না করতে বললে এসময় সে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক সাহাব উদ্দিনকে অকথ্য ভাষা গালিগালাজ করে। কথা বলার একপর্যায়ে প্রাণে মেরে ফেলারও হুমকী দেয়া হয়। ওই তরুণ নিজেকে চিফ সার্জেন্ট অব আর্মস, প্রগতি স্যাটেলাইট টিভির সাংবাদিক, রেড ক্রিসেন্টের মেম্বার বলে পরিচয় দিয়ে সে কাউকে খুন করে ফেললেও কেউ তার কিছু করতে পারবে না বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, একজন সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টা আমরা গুরুত্বসহকারে দেখছি। তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রগতি২৪টিভির পরিচয় ব্যবহার করে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে কথিত টিভিটির চেয়ারম্যান এনামুল হক লিটন বলেন, আমাদের প্রগতি টিভিটি একটি ফেইসবুক টিভি,ইউটিউব টিভি এটা অনলাইনে চলে। এটা কোন স্যাটেলাইট টিভি না। কেউ স্যাটেলাইট টিভি বললে সে ভুল বলেছে। আমাদের এখানে আরিফুল ইসলাম রাশেদ নামে কোন সাংবাদিক নাই। আমরা তার নামও শুনি নাই। কেউ আমাদের নাম ব্যবহার করে কোন ধরনের অপকর্ম করলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।
রেডক্রিসেন্টের পরিচয় ব্যবহার সম্পর্কে জানতে চাইলে রেডক্রিসেন্ট ইয়ুথের ডির্পামেন্টাল চিফ মো.মাহমুদুর রহমান বলেন, আরিফুল ইসলাম রাশেদ নামে আমাদের সংগঠনে কেউ নেই। আমাদের সেন্ট্রাল ব্রাঞ্চের কেউও তাকে চিনে না। রেডক্রিসেন্টের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার দায়ভার আমাদের সংগঠন নিবে না।