নিখোঁজের ১২ দিনেও সন্ধান মেলেনি কলেজিয়েট স্কুল শিক্ষার্থী পাপনের


কে এম রাজীব : চট্টগ্রামে নিখোঁজের ১২ দিনেও কোনো খোঁজ মেলেনি নগরীর কলেজিয়েট স্কুলের উদয় দেবনাথ পাপন (১৪) নামের এক শিক্ষার্থীর। গত ১৮ এপ্রিল চট্টগ্রামের রাউজান থানাধীন আবুলরখীল ১২নং উরকিরচর ইউনিয়ন বাড়ি থেকে সকালে স্কুলে যাওয়ার পথে উদয় দেবনাথ পাপন নিখোঁজ হয়। নিখোঁজ শিক্ষার্থী চট্টগ্রাম নগরীর সরকারি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগের দিবা শাখার নবম শ্রেণীর নিয়মিত ছাত্র। উদয় দেবনাথ পাপন আবুরখীল অমিতব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উজ্জ্বল প্রসাদ দেবনাথের ছেলে।তাদের মূল বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন মহেষপুর গ্রামে হলেও সে দীর্ঘ আট বছর যাবত চাকুরীর সুবাদে চট্টগ্রামের রাউজান থানা ধীন ১২নং উরকিরচর আবুরখীল এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছে।

নিখোঁজের বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীর পিতা উজ্জ্বল প্রসাদ দেবনাথ বলেন, গত ১৮ই এপ্রিল সোমবার সকাল ৮ টায় চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলে যাবার কথা বলে রাউজানের বাসা থেকে আমার ছেলে উদয় দেবনাথ পাপন বের হয়ে যায়। এর পর সে ওই দিন স্কুল থেকে বাসায় ফিরে আসেনি।

পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোজাখুজি করার পর কোন সন্ধান না পাওয়া ১৯ এপ্রিল মঙ্গলবার আমি বাদী হয়ে চট্টগ্রামের আবুরখীল এলাকার রাউজান থানায় একখানা নিখোঁজ সাধারণ ডায়েরি করি। যাহার ডায়েরি নং-৮৭২/২২।

উজ্জল প্রসাদ দেবনাথ আরও বলেন, ডায়েরি করার পর গত ২৭ এপ্রিল অপরিচিত এক ব্যক্তি ০১৭১৮-২১৮০৫৬ নাম্বার থেকে আমার ০১৮১৮-৭০০২৮৩ এই নাম্বারে ফোন করে আমাকে বলে, আমার ছেলে পাপনকে পাওয়া গেছে। আপনার ছেলে পাপন নরসিংদীতে গাড়ি এক্সিডেন্ট করেছে, তার চিকিৎসার জন্য টাকা লাগবে। এখনি আমার এই বিকাশ ০১৩০৯-০১০৫১২ নাম্বারে দ্রুত ১০ হাজার টাকা পাঠান। এ কথা শুনে আমি সরল বিশ্বাসে তার দেওয়া বিকাশ নাম্বারে তার কথা মতো আমার ছেলেকে ফিরে পাওয়ার জন্য ওই দিন সকাল সাড়ে ১০ টায় আমি বিকাশে ১০ হাজার ১’শ ৫০ টাকা পাঠাই। তারপর থেকে নাম্বার গুলোতে যোগাযোগ করার চেষ্টা করলে নাম্বার গুলো বন্ধ পায়।

তিনি আরো বলেন, আজ ১২ দিন চলে গেলো এখনো পর্যন্ত আমার ছেলের সন্ধান কেউ আমাদের দিতে পারেনি। এদিকে ঘটনার ১২ দিনেও ছেলেকে ফিরে না পাওয়ায় দিশেহারা বাবা মা। তাই তার ছেলেকে ফিরিয়ে পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এবং কেউ যদি তার ছেলে উদয় দেবনাথ পাপনের সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৮১৮-৭০০২৮৩ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।

এবিষয়ে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিখোঁজের বিষয়টি পাপনের পিতা জানিয়েছে। তবে আমি যতটুকু ক্লাস টিচার থেকে খোঁজ নিয়েছি পাপন নিখোঁজ হবার ১০/১২ দিন আগ থেকে স্কুলে অনুপস্থিত। কিন্তু তার বাবা বলছে প্রতিদিন স্কুলে আসার জন্য ড্রেস পড়ে বাসা থেকে বের হতো। নিখোঁজের বিষয়ে আমি উনাকে থানায় একটি ডায়েরি করার পরামর্শ দিয়েছি।

নিখোঁজ ডায়েরির বিষয় জানতে চাইলে রাউজান থানায় জিডি মুলে দায়িত্ব প্রাপ্ত অফিসার মোঃ ইসমাঈল হোসেন বলেন, নিখোঁজের বিষয়টি আমরা জেনেছি এবং ওই বিষয়ে আমাদের থানায় একটি সাধারণ ডায়েরিও করছে। আমি ডায়েরি মুলে তদন্তের দায়িত্বও পেয়েছি। এখনো পর্যন্ত নিখোঁজ স্কুল ছাত্রের কোনো সন্ধান পায়নি। তবে আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন বলেন, নিখোঁজের বিষয়ে শিক্ষার্থীর পিতা আমাদের থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান আমরা পায়নি তবে নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধার করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.