আদালতের আদেশ অমান্য করে নির্মান কাজ অব্যাহত রাখায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক : নগরীর বাকলিয়া থানাধীন বড়মিয়া মসজিদ এলাকায় বাকলিয়া হাই স্কুল রোডস্থ আল সালেহ ভিলা ইউনিট-২ এ আদালতে আদেশ অমান্য করে নির্মান কাজ অব্যাহত রেখে ফরিদুল আলম (৫৩) নামের একব্যক্তি সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে হুমকি প্রর্দশন করছেন বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আফসারুল আলম চৌধুরী। বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় নগরীর চকবাজার কাঁচা বাজারস্থ জনতা ব্যাংক সংলগ্ন ভবনের একটি কনফারেন্স হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আফসারুল আলম চৌধুরী।
এসময় তিনি বলেন, ফরিদুল আলম আমার আপন ভাই। আমরা তিন ভাই এক বোন। আমার পিতা মরহুম হাজী মোহাম্মদ সালেহ চৌধুরী বেচে থাকতে ২৮ শতক পরিমাণ জমি ক্রয় করে ৯ গন্ডা ১ কড়া, ২ কন্ট জমির উপর আমাদের দুই ভাইকে সিডিএ’র নিয়ম অনুসারে দুইটি ৪তলা ভবন নির্মান করে দেন এবং অন্য আরেক ভাই খালি জমি প্রদান করে সম্পত্তি রেজিস্টার্ড অংশ নামা করে দেন। পরবর্তীতে আমার বোনকে ইসলামী ফরায়েশ মোতাবেক তার প্রাপ্ত সম্পত্তি আমার পিতার হাটহাজারী বুড়িশ্চরস্থ পৈতৃক সম্পত্তি হতে বন্টন নামা প্রদান করেন। পিতার মৃত্যুর পর প্রভাবশালী বড় ভাইয়ের আসল রুপ ধরা পরে। নেমে আসে আমার উপর এবং আমার পরিবারের উপর হুমকী ধমকীর পালা। বিভিন্ন সময় আমাদেরকে নানা ভাবে হেনস্তা করতে থাকে। আমার পরিবারের উপর চালায় সন্ত্রাসী কর্মকান্ড। এসব বিষয় নিয়ে দপে দপে কয়েকবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে লিখিত আপোষ মিমাংসাও সম্পাদিত হয়।
তিনি বলেন, সর্বশেষ গত মার্চের ২৭ তারিখ সকাল ৯টায় আমার প্রাপ্ত অংশে ইট, বালি, সিমেন্ট, কংক্রীট সহ বিবিধ নির্মান সামগ্রী রেখে চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে আমার বড় ভাই ফরিদ। এবিষয়ে তার কাছ থেকে জানতে চাইলে সে আমাকে মারমুখী আচরণ করতে থাকে এবং বিভিন্ন হুমকি ধমকী দিতে থাকে। পরে সে আমার প্রাপ্ত সম্পত্তির অংশে সেফটি ট্যাংকি নির্মান করার কুমানসে নির্মান শ্রমিক দিয়ে বিশাল একটি গর্ত খনন করে ফেলে। পরবর্তীতে আমি বিষয়টি নিয়ে আইনগত ভাবে অগ্রসর হয়ে গত মার্চের ৩০ তারিখ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম মহানগরে একটি মামলা দায়ের করি, যাহার মিছ মামল নং ৫২৫/২০২২। আদালত মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের তদন্ত ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। পরে পুলিশ গিয়ে উভয়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। দেওয়ার পরও পুনরায় আদালতের আদেশ ও পুলিশের নিষেধ অমান্য করে ফরিদুল আলম নির্মান কাজ আবারও অব্যাহত রাখে বলে জানান আফসারুল আলম চৌধুরী।