দিনেও মশা রাতেও মশা, মশা নিয়ে বিড়ম্বনায় আছি: মেয়র রেজাউল
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দিনেও মশা রাতেও মশা, অস্বীকার করছি না। মশা নিয়ে বেশ বিড়ম্বনায় আছি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য খালে বাঁধ দেওয়া হয়েছে। পানি যাচ্ছে না। কয়েকদিন আগে পরিদর্শনে গিয়ে খালে একটি ঢিল ছুঁড়ে মারলাম, কয়েক হাজার মশা বেরিয়ে এলো। তিনদিন আগে স্প্রে করেছিল। দিনেও মশা, রাতেও মশা, অস্বীকার করছি না। জলাবদ্ধতা প্রকল্প শেষ না হলে মশা নির্মূল সম্ভব হবে না। মশা নিয়ে বিড়ম্বনায় আছি।
বুধবার (২৩ মার্চ) দুপুরে আন্দরকিল্লার কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, খাল-নালা অবৈধ দখলকারীরা যত প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মেয়র।
মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন এবং আফরোজা কালামসহ চসিকের সচিবসহ বিভাগীয় প্রধানরা।
মেয়র তার লিখিত বক্তব্যে জানান, মশা নিধনের মূল কাজটি পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বে থাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে গতিশীলতা আনতে ৪১টি ওয়ার্ডকে ৬টি জোনে বিভক্তীকরণ; প্রত্যেক জোনে কর্মদক্ষতা বিবেচনায় কর্মকর্তা পদায়ন ও জোন পুর্নবিভাজন করা হয়েছে বলেও জানান।
মেয়র আরও বলেন, প্রায় ১ হাজার কোটি টাকার দেনা ও নানাবিধি সমস্যা মাথায় নিয়ে আমি মেয়রের দায়িত্ব পালন শুরু করেছিলাম। স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে চসিক এ বিদ্যমান বহুমাত্রিক সমস্যা সমাধান করে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৪তম কর্ণধার হিসেবে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি মেয়রের দায়িত্ব গ্রহণ করি।
গত ১৫ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৪৩৬ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীকে আনুতোষিকের ১১ কোটি ৮৫ লাখ ২৮ হাজার ৪৭৫ টাকা, ঠিকাদারদের ৮৪ কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৩৫০ টাকা, সড়ক বাতির বকেয়া বিল ২ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ২০৩ টাকা, চসিকের বিভিন্ন স্থাপনার বকেয়া বিল ৬ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ৪২০ টাকা, নেজারত শাখার বকেয়া ১ কোটি ১ লাখ ৬১ হাজার ৪১২ টাকা পরিশোধ করা হয়েছে।
চসিকের ৪১ ওয়ার্ডের ৩৯ লাখ ৩৭ হাজার ৪০ জন নিবন্ধনকৃত নগরবাসীকে কোভিড টিকা দেওয়া হয়েছে। ২১ লাখ ৬৪ হাজার ৩২১ জনকে প্রথম ডোজ ও ১ লাখ ২১ হাজার ৭১ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মেয়র হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণও সাংবাদিকদের সামনে তুলে ধরেন মেয়র।