পটিয়ায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের পটিয়ার ফোর স্টার কনভেনশন হলের সামনে বাস-মোটরসাইকেল সংঘর্ষে সিফাত (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে জলুর দীঘির পাড় এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিফাত ময়মনসিংহের সদর থানার সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
পটিয়া হাইওয়ে পুলিশের এস আই আনিসুর রহমান জানান, সকালে পটিয়া জলুর দীঘির পাড় নামক স্থানে দ্রুত গতির হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছন সিটির যাত্রী সিফাত ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরো জানান, দুর্ঘটনার সময় বাসের সামনের অংশে আগুন ধরে যায়। এ সময় বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আরো কয়েকজন সামান্য আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন।