ইংরেজি সাইনবোর্ডের বিরুদ্ধে চসিকের অভিযান
মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে চট্টগ্রাম মহানগরীতে ইংরেজিতে লেখা প্রতিষ্ঠানের নাম ফলকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে আজ মঙ্গলবার সকালে কাজীর দেউড়ি মোড়ে ইংরেজিতে লেখা একটি নাম ফলকে কালো কালি লাগিয়ে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানসহ বাংলা ভাষা প্রচলন উদ্যোগের নেতৃবৃন্দ, চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মেয়র এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলা আমাদের মাতৃভাষা। পৃথিবীর ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মহান ভাষা আন্দোলনের এ মাসে চসিকের পক্ষ থেকে বাংলায় নাম ফলক চালু করতে যা করা প্রয়োজন সবই করা হবে।