অপরাজিত কুমিল্লাকে প্রথম হারের স্বাদ দিল ঢাকা


আসরের প্রথম তিন ম্যাচ জিতে অপরাজিত থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথম হারের স্বাদ দিল মিনিস্টার ঢাকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকার দেয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুমিল্লার ইনিংস শেষ হয়েছে মাত্র ১১৭ রানে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই লিটন দাসের (০) উইকেট হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রুবেল হোসেনের বলে টপএজ হয়ে ফেরেন সাজঘরে।

তিন নম্বরে ব্যাট করতে নেমে এদিন ফাফ ডু প্লেসিও বড় করতে পারেননি ইনিংস। রান আউট হয়ে সাজঘরে ফেরেন ৮ রান করে। দলের বিপাকে ওপেনার মাহমুদুল হাসান জয় ও ইমরুল কায়েস ৬০ রানের জুটি গড়েন ৪৪ বলে। ইমরুলকে ২৮ (২৩) রানে ফিরিয়ে জুটি ভাঙেন আন্দ্রে রাসেল।

একই ওভারে মাহমুদুল হাসান জয়কেও ফেরান রাসেল। ৩০ বলে ৮টি চারে ৪৬ রান করা জয়কে বোল্ড করেন এই ক্যারিবীয়। এরপর থেমে যায় রানের চাকা।

আগের দিন ব্যাট হাতে ঝড় তোলা ক্যামেরুন ডেলপোর্ট আজ ৩ রান করে কাঁটা পড়েন রান আউটে। ১৭ রান করা কারিম জানাতকে ফেরান এবাদত হোসেন। আরফুলকে ১২ রানে ফেরান কায়েস আহমেদ। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১১৫ রানে থামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ঢাকার পক্ষে ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। ১টি করে উইকেট নেন রুবেল হোসেন, এবাদত হোসেন ও কায়েস আহমেদ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মিনিস্টার ঢাকা। ওপেনার তামিম ইকবাল ৪৬ (৩৫) রানে বিদায় নেয়ার পর রান আসে ধীরে। তবে শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ঝোড়ো ব্যাটিংয়ে হাঁফ ছেড়ে বাঁচে ঢাকা। শেষ পাঁচ ওভারেই আসে ৬৪ রান। মাহমুদউল্লাহ ৪১ বলে ৩টি চার ও ৪টি ছয়ে খেলেন ৭০ রানের অপরাজিত ইনিংস।

কুমিল্লার হয়ে ২ উইকেট নেন তানভির ইসলাম। ১টি করে উইকেট নেন মোস্তাফিজ, শহিদুল ইসলাম ও কারিম জানাত।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.