চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৫৮৭


গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা ৫ শতকের ঘরে নেমে এসেছে। আগেরদিনেও চট্টগ্রামে করোনা শনাক্ত ছিল হাজারের ওপরে। তবে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৮৭ জন।

সোমবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৪টি ল্যাবে ২ হাজার ৭৬৬ নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ২১.২২। নতুন আক্রান্ত ৩৮৯ জন নগরের ও ১৮৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭১৪ জন। এর মধ্যে নগর এলাকায় ৮৭ হাজার ২৭৭ জন এবং উপজেলায় ৩২ হাজার ৪৩৭ জন।

এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫৫ জনের মধ্যে ৭৩১ জন নগর এলাকার এবং ৬২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চিকিৎসকরা বলছেন, যতো সংখ্যক মানুষ আক্রান্ত তার চেয়ে অনেক কম সংখ্যাক রোগী করোনা পরীক্ষা করছেন। করোনা টেস্ট সহজলভ্য না হওয়ায় অনেকেই টেস্ট করাচ্ছেন না।

পরিবারের একজনের করোনা হলে অন্য সদস্যরা দ্রুত করোনা আক্রান্ত হচ্ছেন। ওমিক্রন ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রামক। শিশুরাও আক্রান্ত হচ্ছে। সতর্কতার বিকল্প নেই। মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। নতুন ভ্যারিয়েন্ট মৃদু বলে অবহেলার সুযোগ নেই।

এছাড়াও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনো ভিড় করতে দেখা যাচ্ছে জনগণকে। গণপরিবহন, শপিংমল, পর্যটন স্পট কোথাও পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.