বিএনপির হুমকি সহিংসতাকে উসকে দিচ্ছে: কাদের
‘আরেকটি যুদ্ধের প্রস্তুতি ও ডাইরেক্ট অ্যাকশনের হুমকি’ বিএনপি নেতাদের এমন বক্তব্য সন্ত্রাস ও সহিংসতাকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
কাদের বলেন, বিএনপি নেতাদের কেউ কেউ আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলছেন, ডাইরেক্ট অ্যাকশনের হুমকি দিচ্ছেন। বিভিন্ন স্থানে রাজনৈতিক সমাবেশের তাদের এমন বক্তব্য সন্ত্রাস ও সহিংসতাকে উসকে দিচ্ছেন।
তিনি বলেন, আমরা জানতে চাই, কাদের নিয়ে তারা যুদ্ধ করবেন? কেন যুদ্ধ করবেন? তাদের যুদ্ধ কী লুটপাট, দুর্নীতি আর অরাজকতা সৃষ্টির জন্য? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দেশের মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগও প্রস্তুত। তাদের যে কোন ধরনের আস্ফালনকে সর্বাত্মকভাবে প্রতিহত করা হবে।
এসময় সারাদেশে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অত্যন্ত আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ পরবর্তী নির্বাচনসমূহ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।