আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় নিহত এক
আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা নির্বাচনী সহিংসতায় অংকুর দত্ত (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ১২টায় উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সে গুরুতর জখম হয়। পরে আনোয়ারা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অংকুর দত্ত সিংহরা গ্রামের নেপাল দত্তের ছেলে।
স্থানীয়রা জানান, সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বর্তমান মেম্বার রঘুনাথ শিকদার ও অপর প্রার্থী নাজিম উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অংকুর নামের এক যুবক আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১১টায় চাতরীর সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দূরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অংকুর দত্ত নামের এক যুবক আহত হয়। পরে সে মারা যায়।