বান্দরবানে সেনা রিজিয়নে ধর্মীয় প্রধানদের নিয়ে সম্মেলন
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে জেলার ৭টি উপজেলার সকল ধর্মীয় প্রধানদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অডিটেরিয়ামে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক এনডিসি, এএফডব্লিওসি, পিএসসি।
এসময় বান্দরবান পার্বত্য জেলার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখা এবং নিরাপত্তা বাহিনীর প্রতি স্থানীয় জনগণের মধ্যে আরও অধিক আস্থা অর্জন ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বান্দরবান রিজিয়নের আওতাধীন সকল ধর্মের ধর্মীয় প্রধাদের মতামত ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন কর্নেল বিজিবি সেক্টর কমান্ডার শফিউল আজম পারভেজ , জেলা জোনের লে: কর্নেল মোহাম্মদ মঈনুল হক, এস ইউপি, পিএসসি, ৫ইবি, রুমা জোনের লে: কর্নেল হাসান শাহারিয়ার ইকবাল, পিএসসি, ডিজিএফআই ডেট কমান্ডার লে: কর্নেল নাদির হোসেন চৌধুরী এ এফ ডব্লিউ সি, পিএসসি, (জি+), লে: কর্নেল মুকিম উদ্দিন পিএসসি,ডেট কমান্ডার এএসইউ, বান্দারবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল লে: কর্নেল সিরাজুল ইসলাম উকিল, বান্দরবান প্রতি উপজেলায় মুসলিম , বৌদ্ধ , হিন্দু ,খ্রীষ্টান ধর্মের ইমাম, ভান্তে, ধর্মীয় গুরু এবং ফাদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবানের জোন কমান্ডার লে: কর্নেল মইনুল হক এসইউপি, পিএসসি বলেন, সকল ধর্মীয় জাতিগোষ্ঠী মিলেমিশে কাজ করে বান্দরবান জেলায় সম্প্রীতির এক অনন্য নিদর্শন স্থাপন করেছে।
পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে অপারেশন উত্তরণ এর আলোকে বেসামরিক প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি ধর্মীয় জাতিগোষ্ঠীর নিরাপত্তা, শিক্ষা-স্বাস্থ্য, দুর্যোগ মোকাবেলা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা, ধর্মীয় অনুষ্ঠানে সহায়তা এবং সামাজিক অবস্থার পরিবর্তনের নিমিত্তে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি ধর্মীয় গুরুদের উদ্দেশ্য করে বলেন, আমাদের পাশাপাশি আপনাদের অবদান অপরিসীম তাই বান্দরবান জেলায় শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে একত্রিত ভাবে কাজ করা এবং সেনাবাহিনীকে তাদের নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক তার বক্তব্যে বলেন, বান্দরবান পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখা এবং নিরাপত্তা বাহিনীর প্রতি স্থানীয় জনগণের মধ্যে অধিক আস্থা অর্জন ও সম্পর্ক উন্নয়নই আজকের সম্মেলনের মূল লক্ষ্য।
তিনি বক্তব্যের শুরুতেই বান্দরবানের প্রশাসনের অবদান এর কথা বলতে গিয়ে বলেন, জনগণের শান্তি শৃংখলা নিরাপত্তা রক্ষার্থে আমাদের সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এবং অন্যান্য সরকারি সংস্থা বান্দরবান রিজিয়ন এর প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে টহল পরিচালনা, অপারেশন এবং চেকপােষ্ট স্থাপন করেছে যার ফলে মানুষের নিরাপত্তা বিধান নিশ্চিত হয়েছে ।
তিনি আরো বলেন, শুধু নিরাপত্তা নয় পার্বত্য অঞ্চলের মানুষের ন্যায্যতা, সমতা,সহাবস্থান এবং সম্প্রীতির উন্নয়নসহ সকলের সমঅধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম।
ধর্মীয় গুরু দের উদ্দেশ্য করে বলেন, আপনারা যে যার অবস্থান থেকে সমাজকে আলাের পথ দেখাচ্ছেন।
পরিশেষে তিনি বলেন, সকলকে ধর্ম-বর্ণ ও জাতি গােষ্ঠীর মানুষ এই অঞ্চলের উন্নয়ন এবং সন্ত্রাস দমনে একযোগে কাজ করতে আহ্বান জানান ও সকলের সুখ সমৃদ্ধি এবং উত্তর উত্তর সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন উপজেলার হতে আগত ধর্মীয় গুরু ও অতিথিবৃন্দদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।