সিএনজি মালিক চালকদের মাঝে উপহার বিতরণে সিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদকঃ জনসাধারণের জানমালের নিরাপত্তায় ‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রমে নিবন্ধনকৃত সিএনজি অটোরিক্সা মালিক চালকদের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। রোববার ( ২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় নগরীর জিইসি মোড়ে স্থাপিত বুথে তিনি এসব উপহার সামগ্রী বিতরণ করেন। সিএমপি কর্তৃক ‘ আমার গাড়ি নিরাপদ’ নিবন্ধন কার্যক্রমে সিএমপি আরও এক ধাপ এগিয়ে গেল। নগরীর ৮টি পয়েন্টে স্থাপিত বুথের মাধ্যমে চলছে সিএনজি অটোরিক্সা গাড়ির নিবন্ধন কার্যক্রম। অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের মাঝে এ সংক্রান্তে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। চট্টগ্রাম নগরীতে চলাচলরত রেজিস্ট্রেশনকৃত প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিক্সাকে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে সিএমপি।
উপহার সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোঃ জয়নুল আবেদীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মোঃ শাহাদাৎ হোসেন রাসেল, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোঃ মমতাজ উদ্দিন, টিআই (প্রশাসন-উত্তর) মোঃ সেলিমুর রহমান, টিআই (পাঁচলাইশ) গাজী মোঃ শেখ আবদুল্লাহ, টিআই (প্রবর্ত্তক) মঞ্জুর হোসাইনসহ সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ সার্জেন্টগণ।
এসময় সিএমপি কমিশনার বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ও নিরাপত্তা অনুভূতি ছড়িয়ে দেওয়া এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। বিভিন্ন সময় সাধারণ যাত্রীরা তাদের অনেক মুল্যবান সামগ্রী সিএনজি অটোরিক্সাতে ফেলে আসেন। যাত্রীরা যদি নিউমেরিক আইডিটি অথবা কিউআর কোড স্ক্যান করে রাখেন পরবর্তীতে সহজেই সিএনজি চালিত অটোরিক্সাটিকে খুঁজে পাওয়া সম্ভব। সিএনজি চালিত অটোরিক্সার মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ সহজেই উদঘাটন ও নিয়ন্ত্রণ করা যাবে। একইসাথে সিএনজি মালিক তার গাড়ি যে কোন চালককে দেওয়ার আগেই সহজেই চালকের ভেরিফিকেশন কার্ড দেখে চালক সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। একজন সিএনজি চালক ভেরিফাইড থাকলে যাত্রী এবং গাড়ির মালিকের কাছে চালক সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরী হবে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, প্রাথমিক ভাবে চট্টগ্রাম নগরীর
জিইসি মোড়, টাইগারপাস, নিউমার্কেট, বহদ্দারহাট, বাদামতলী, অলংকার, মইজ্যারটেক ও সিমেন্ট ক্রসিং ট্রাফিক পুলিশ বক্স সহ ৮টি পয়েন্টে স্থাপিত বুথের মাধ্যমে সিএনজি চালিত অটোরিক্সার মালিক ও ড্রাইভারের নিবন্ধন সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।
ট্রাফিক বিভাগ সূত্র আরও জানায়, সিএনজি অটোরিক্সা নিবন্ধন করার জন্য যে সকল প্রয়েজনীয় কাগজপত্র প্রয়োজন সেগুলো হচ্ছে-গাড়ির মালিকের ক্ষেত্রে মালিকের এনআইডি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং গাড়ি চালকের ক্ষেত্রে-ড্রাইভিং লাইসেন্স ও চালকের এনআইডি। নিবন্ধনের আগে মালিক ও চালকের বৈধ কাগজপত্র যাচাই করা হবে। ট্রাফিক বিভাগ সূত্রে আরও জানা যায়, নিবন্ধনের তথ্য সিএমপি সার্ভারে জমা হওয়ার পর সার্ভার থেকে অটোমেটিক মালিক এবং ড্রাইভারের জন্য আলাদা আলাদা একটি ইউনিক কিউআর কোড এবং নিউমেরিক আইডি প্রস্তুত হবে। উক্ত আইডি ও কিউআর কোড সম্বলিত একটি প্রিন্টেড কপি প্রতিটি গাড়ির মালিক ও ড্রাইভারকে প্রদান করা হবে। উক্ত আইডি ও কিউআর কোড সম্বলিত প্রিন্ট কপিটি গাড়িতে সবসময় এমন স্থানে ঝুলিয়ে রাখতে হবে যাতে যাত্রীদের দৃষ্টিগোচর হয়।