অসাম্প্রদায়িক চেতনা থেকে কেউ বাংলাদেশকে সরাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। যখন বাংলাদেশ থাকবে, অসাম্প্রদায়িক হিসেবেই থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের শুরুতে ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হবে। এই দেশ সবার। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে। কোনো শক্তি বাংলাদেশকে এই জায়গা থেকে সরাতে পারবে না। সবাই এখানে বাংলাদেশি এবং আমরা সবাই বাঙালি।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশ। এখানে কোনো উসকানি দিয়ে লাভ হবে না।’
বাংলাদেশের অসাম্প্রদায়িকতার চিত্রপট হাজার বছরের পুরনো জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বড়দিনে যেমন আমরা সবাই একত্রিত হই, তেমনই পূজার সময়েও আমরা একত্রিত হই। ঈদের সময়েও একই চিত্র দেখা যায় আমাদের দেশে। এছাড়াও আমরা বৌদ্ধ পূর্ণিমাতে সবাই সবার আনন্দ ভাগাভাগি করি। এটাই বাংলাদেশ। হাজার বছর পেছনে তাকালেও একই দৃশ্য দেখা যাবে। এজন্যই আমরা দুর্বার গতিতে সম্মুখে চলছি।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। এতে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জে এল ভৌমিক, সদস্যসচিব চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ।