রেলে সেবা দাতা ও সেবা গ্রহীতাদের এগিয়ে নেওয়ার উদ্দেশে অংশীজন সভায় সিসিএম নাজমুল
নিজস্ব প্রতিবেদকঃ রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ কর্মাশিয়াল ম্যানেজার (সিসিএম) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন, রেলে ভ্রমনের ক্ষেত্রে স্টাফদের যেমন আচরণের বিষয় আছে তেমনি যাত্রীদের আচরণের বিষয়টা বিবেচনা করতে হবে। রেল গণমানুষের পরিবহন হওয়ায় যেমন যোগান বেড়েছে তেমনি যাত্রীদের চাহিদাও বেড়েছে। যা রেলের সক্ষমতার চেয়ে অনেক বেশি। সেবা দাতা ও সেবা গ্রহীতাদের এগিয়ে নেওয়ার উদ্দেশে আমাদের আজকের এ অংশীজন সভা। বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিআইপি লাউঞ্জে রেলওয়ের বাণিজ্যিক বিভাগ চট্টগ্রামে আয়োজিত অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগের তুলনায় রেলওয়ের সেবার মান বর্তমানে অনেক বেড়েছে। এর পরও আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। বিষয় গুলো নিয়ে আমরা নিয়মিত মিটিং করছি আগামীতেও করবো এবং উধর্ধতন কর্তৃপক্ষকে আমরা তা অবহিত করে যাচ্ছি।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্ত আলোচনার মধ্যে দিয়ে সেবার মান কল্পে রেলে পাথর নিক্ষেপ, ব্যাগ ছিনতাই, বিনা টিকেটে ভ্রমণ, কালোবাজারি রোধ, রেলে মহিলাদের নামাজের স্থান, ব্রেস্ট ফিডিং রুমের ব্যবস্থা, রেলে হিজরা উঠা বন্ধ করা, রেলের জায়গার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ, রেলস্টেশনের সীমানা প্রাচীর গুলো মেরামত, রেলের বগি বাড়ানো, বগি পরিস্কার রাখা,পানির সমস্যা ও কেবিন সিট বিক্রি করার ক্ষেত্রে যাত্রীদের জাতীয় পরিচয় পত্র টিকেটে সংযুক্ত করণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় প্রধান অতিথি
স্টেশন মাষ্টার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী,স্টেশন ম্যানেজার, রেলওয়ে পুলিশ, যাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগগুলো শুনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
চট্টগ্রাম রেলওয়ের ডিআরএম শামস বিন তুষারের সভাপতিত্বে, স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশনেন রেল কর্মকর্তা মোঃ নুরুল আমীন, ষোলশহর স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম, রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন, নিরাপত্তা বাহিনীর সালামত উল্লাহ, বাংলাদেশ নৌ বাহিনীর মনসুর আলী, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নুরুল আবছার তালুকদার, দৈনিক প্রিয় বাংলাদেশের প্রতিনিধি কে এম রাজীব, জান্নাতুল নাঈমা রিকু, মেট লাইনের মোঃ মোরশেদ আলম, নুপুর মার্কেট বনিক সমিতির গুলজার আলম সহ বিভিন্ন পদের কর্মকর্তাবৃন্দ।