করোনার বড়ির অনুমোদন চেয়ে ফাইজারের আবেদন
যুক্তরাষ্ট্র ভিত্তিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবার করোনার বড়ির অনুমোদন চেয়েছে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে এই আবেদন করেছে তারা বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ফাইজারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, করোনার অ্যান্টিভাইরাল বড়ি প্যাক্সলোভিডের জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে এ আবেদন করা হয়েছে।
তারা আরও জানায়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে আবেদন সম্পন্ন হয়েছে। সেইসঙ্গে ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের তথ্যও জমা দেওয়া হয়েছে।
ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা জানান, এই ওষুধ রোগীর হাতে তুলে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করছেন। এফডিএসহ বিশ্বের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আমরা কাজ করতে চাই।
এর আগে পরীক্ষামূলক প্রয়োগ শেষে ফাইজার দাবি করেছে, প্যাক্সলোভিড নামের এই বড়ি সম্ভাবনাময়। হাসপাতালে ভর্তি বা প্রাপ্তবয়স্কদের মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ পর্যন্ত কমাতে পারে এটি।