কক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে মেম্বার প্রার্থীর ভাই নিহত
কক্সবাজার সদর উপজেলায় কুরুশখুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ আখতারুজ্জামান (৩০) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ইউনিয়নের তেতৈয়ায় এলাকায় এই ঘটনা ঘটে।
আখতারুজ্জামান খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই। ঘটনার পর থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ আধাঘণ্টা বন্ধ ছিল।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে আহত আখতারুজ্জামান মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে জোরপূর্বক অবৈধ সিল মারার চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী শেখ কামালের ভাই আখতারুজ্জামান বাঁধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন আখতারুজ্জামান। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।