বান্দরবানে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৬.৬৭%
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে বান্দরবান মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪১৭ জন। সদর উপজেলায় ৩৩৩ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৮ জন, লামা উপজেলায় আক্রান্ত ২৪ জনের মধ্যে হাসপাতালে ভর্তি ৭ জন, রোয়াংছড়ি উপজেলায় আক্রান্ত ১৫ জন, রুমা উপজেলায় ১৬ জন, থানছি উপজেলায় ২ জন, আলীকদম উপজেলায় ১০ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১৭ জন করোনা আক্রান্ত রোগী আছে।
গত ২৪ ঘণ্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪ জন। যার মধ্যে সদর উপজেলায় ২ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২ জন। ফলে শনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬.৬৭%। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।
২৮ আগস্ট, শনিবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এই পর্যন্ত তালিকা অনুযায়ী বান্দরবানে ১১ হাজার ৬১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১০ হাজার ৮শত ৩০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ২ হাজার ২শত ৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী ১হাজার ৮শত ২১ জন রোগী করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।
সর্বশেষ পাওয়া তথ্যমতে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১৪ জন। বর্তমান জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪১৭ জন। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৪ জন। জেলার সর্বশেষ তথ্য অনুযায়ী মোট শনাক্ত ২২৫২ জন এবং মোট সুস্থ ১৮২১ জন।
এদিকে ১৯ আগস্ট থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী বান্দরবান জেলার সকল পর্যটন স্পট গুলো খুলে দেয়ায় দেশের বিভিন্ন জেলা হতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়েছে বান্দরবানের পর্যটন কেন্দ্র গুলো।
জেলার বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রমণ প্রেমী আগত পর্যটকদের স্বাস্থ্যসুরক্ষা যাচাই সহ মাক্স ব্যাবহারের ক্ষেত্রে অনেকটা উদাসীন দেখা গেছে।এক্ষেত্রে প্রশাসনের তৎপরতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ।
সংশ্লিষ্টরা মনে করেন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসলেও সকলের উচিত হবে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলাচল করা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মত দিয়েছেন অনেকেই।