মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো: মংমংসিং
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: মাদক দ্রব্যের ভয়াবহতা নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ভাবে, তবে তা এখনো অনেক অপ্রতুল বলা যায়। কারণ শহর এলাকা ছাড়িয়ে মাদক এখন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে গেছে এবং তরুণরা তা ব্যবহার করছে। এতে এর ভয়াবহ প্রভাব পড়ছে পারিবারিক ও সামাজিক ভাবে।আজকের তরুন সমাজ আগামী দিনের সমাজের ও দেশের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে প্রতিনিধিত্ব করবে।তাদের এই অবক্ষয় সমাজ তথা দেশের জন্য এক বোঝা বলে মন্তব্য করেন বান্দরবান পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মংমংসিং।
এই জনপ্রতিনিধি আরো বলেন, বর্তমানে যতটুকু প্রতিরোধমূলক কর্মকাণ্ড হচ্ছে, তাও হচ্ছে বড় শহর এলাকায়, তৃণমূল পর্যায়ে আসলে মাদক বিরোধী সেরকম প্রচারণা নেই। কিন্তু এখন শহর ছাড়িয়ে গ্রামে-গঞ্জে মাদক পাওয়া যাচ্ছে এবং অনেক তরুণ-তরুণী আসক্ত হয়ে পড়ছে। শিক্ষা কার্যক্রমে ইদানীং কিছু কিছু প্রচারণা বা সচেতনতার উদ্যোগ শুরু হয়েছে, কিন্তু তাও পর্যাপ্ত নয় বলে বল্লেন এই জনপ্রতিনিধি। তিনি মনে করেন প্রতিটি স্কুল-কলেজে এ ব্যাপারে সচেতনতার উদ্যোগ গ্রহণ করলে উঠতি বয়সি কিশোর ও যুব সমাজ বুঝতে পারবে এর ভয়াবহতা তাকে অন্ধকারের পথে পরিচালিত করছে।
মাদক নির্মূলে তার ওয়ার্ডে কি কোন কার্যক্রম গ্রহণ করা হয়েছে কিনা প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে পৌর কাউন্সিলর মংমংসিং বলেন, আমি ইতি মধ্যেই আমার নির্বাচনী এলাকা বান্দরবান পৌরসভার ৫ নং ওয়ার্ডের যুব সমাজকে সাথে নিয়ে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি। তাদের নিয়ে এলাকা ভিত্তিক মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি।এ জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা আমাদের দরকার হবে। বিশেষ করে আমার ওয়ার্ডে যারা ভয়াবহ মাদক ইয়াবা ব্যাবসার সাথে জড়িত প্রাথমিক ভাবে আমরা তাদের চিহ্নিত করছি। প্রশাসনের সহায়তা নিয়ে এবং সচেতন সমাজের সহায়তায় সে যত বড় ছত্রছায়ায় থেকে এই মরণ নেশা ইয়াবার কারবারি করুক না কেন আমরা তাদের প্রতিহত করবো।
তিনি আরো বলেন, সামাজিক সচেতনতাই পারে সমাজ হতে এই সকল মুস্টিমেয় মাদক কারবারিদের প্রতিহত করতে।