বান্দরবানে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: কোভিড ১৯ এর কারণে বান্দরবানে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন বান্দরবানের জেলা প্রশাসন।
৭ জুলাই, বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জিমনেশিয়াম হলে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় তৃতীয় বারের মতো ৩৬০ জন অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ দেওয়া হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বান্দরবানে কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় ১হাজার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এসময় জেলা প্রশাসক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশাবলী প্রতিপালনের জন্য আহ্বান জানান এবং কেউ এই লকডাউনের কারণে অভুক্ত থাকলে অবশ্যই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
ত্রাণ সামগ্রী বিতরণকালে এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম, সহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের সদস্যরা নিরাপদ দুরুত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আরো বলেন, কোভিড-১৯ চলাকালে সরকারের পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে।