চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আলীকদম উপজেলার স্থানীয় জনসাধারণ


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবার যন্ত্রপাতি থাকলেও দক্ষ জনবলের অভাবে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হচ্ছে চিকিৎসা সেবা নিতে আশা সাধারণ মানুষকে।টেকনিশিয়ান ও ল্যাব পরিচালনায় দক্ষ জনবল না থাকায় নষ্ট হচ্ছে চিকিৎসাযন্ত্রপাতি।

কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিয়ে নিত্য অভিযোগ করেই আসছে স্থানীয় জনসাধারণ। চিকিৎসা বঞ্চিতরা অভিযোগ করেন হাসপাতালে যন্ত্র থাকলেও দক্ষ জনবল নেই বল্লেই চলে। দক্ষ টেকনিশিয়ান না থাকায় বছরের পর বছর পড়ে থাকায় নষ্ট হচ্ছে ইসিজি ও আলট্রাসনোগ্রামের মত স্বাস্থ্যসেবার সরঞ্জামগুলো। এক্স-রে মেশিন ও টেকনিশিয়ান থাকলেও রুম সংস্কার না হওয়ায় অচল অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা বঞ্চিত হচ্ছে আধুনিক চিকিৎসা সেবা থেকে। চিকিৎসা নিতে দীর্ঘ ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাতকানিয়ার চকরিয়ায় গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করাতে হচ্ছে রোগীদের।

সোমবার সরেজমিনে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, একটি কক্ষে আলট্রাসনোগ্রাম যন্ত্রটি পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে, পাশে দন্তচিকিৎসার একটি চেয়ার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ইসিজি ও এক্স-রে রুমে তালা ও অপারেশ কক্ষটি নানান সরঞ্জামের গুদামঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ২০১৬ সালে একটি আলট্রাসনোগ্রাম যন্ত্র এর পরে ২০১৭ সালের দিকে একটি ইসিজি, পুরাতন এক্স-রে মেশিনের পাশাপাশি নতুন এক্স-রে মেশিন বরাদ্দ দেয় কিন্তু এক্স-রে মেশিন চালনায় এক টেকনিশিয়ান ছাড়া বাকী যন্ত্রগুলো চালানোর মত দক্ষ কোন টেকনিশিয়ান নেই।

মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি জহিরুল হক বলেন, ইসিজি ও আলট্রাসনোগ্রাম চালানোর মত লোক নেই। এক্স-রে মেশিন পুরাতনের পাশাপাশি আরেকটি আনা হয়েছে। পুরাতন রুমে বৃষ্টির পানি পড়ায় চালু করা যাচ্ছে না। নতুন ভবনে স্থাপন করে চালু করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডেল্টাল সার্জন থাকলেও প্রেষণে অন্যত্র চলে গেছে কিন্তু কিছু ডেন্টাল সরঞ্জাম ক্রয় করা হয়ে গেছে। সার্জন না থাকায় এখন সেগুলো অকেজো হয়ে পড়ে আছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহতাব উদ্দিন চৌধুরী জানান, ইসিজি ও আলট্রাসনোগ্রাম যন্ত্র চালানোর জন্য প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান প্রয়োজন। দক্ষ জনবলের অভাবে আমরা সেবাগ্রহিতাদের সঠিক সেবা প্রদান করতে পারছি না। স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে লোকবল চেয়ে চাহিদা পত্র দেওয়া হয়েছে। আশা করি সল্প সময়ে কতৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.