কঠোর লকডাউনে কর্মহীন কোন অসহায় মানুষ খাদ্য সংকটে থাকবেনা: বিভাগীয় কমিশনার


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালীন সময়ে চট্টগ্রাম নগরীর ডেকোরেটার্স মালিক-শ্রমিক সংগঠনের অস্বচ্ছল ৩’শ সদস্যের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় প্রতি সদস্যদের উপহার সামগ্রী হিসেবে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল ও ১টিঁ সাবান প্রদান করা হয়।

রোববার ( ৪ জুলাই) সকাল ১১টায় নগরীর এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।

উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, করোনা প্রতিরোধে মন্ত্রী পরিষদ ঘোষিত কঠোর লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া কোন অসহায় মানুষ খাদ্য সংকটে থাকবেনা। এ বিষয় দেখাশোনা করার জন্য জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সরকারের নির্দেশনায় সমাজের দুস্থ, হতদরিদ্র ও অস্বচ্ছল মানুষের হাতে সরকার প্রদত্ত উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এ সময়ে কর্মহীন কোন মানুষ যাতে সরকারী সহযোগিতা থেকে বঞ্চিত না হয় তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে। করোনা মোকাবেলায় সচেতনতা, শারীরিক দুরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সকলের নিকট আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, নিন্মবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে সংকোচবোধ করছে বা সাহায্য চেয়ে সরকারী ৩৩৩ নম্বরে ফোন ও আমাদের কাছে এসএমএস করছেন প্রত্যেক রাতে তাদের বাসা-বাড়িতে গিয়ে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে থাকবেনা।

এসময় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে যেসব শ্রমজীবি মানুষ একেবারে কর্মহারা হয়ে পড়েছে বা কষ্টে আছে তাদের প্রত্যেককে ত্রাণের আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। কঠোর লকডাউনে যারা অতি কষ্টে দিনযাপন করছেন তাদের প্রত্যেককে সরকারী ত্রাণের আওতায় আনা হবে। লকডাউনে একেবারে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের ধনার্ঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, বিভাগীয় কমিশনারের পি.এস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর জাহান আক্তার সাথী, নাঈমা ইসলাম, জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম, প্রতীক দত্ত, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, জেলা নাজির মোঃ জামাল উদ্দিন। এসময় ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক টিম সার্ক বাংলাদেশ ফাউন্ডেশন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.