বঙ্গবন্ধু ছিলেন আপসহীন নেতা: মালদ্বীপের প্রেসিডেন্ট
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমন্ত্রণ পেয়ে আমি সম্মানিত। বঙ্গবন্ধু এমন একজন মহান নেতা যিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বঙ্গবন্ধু আপসহীন নেতা ছিলেন।
বুধবার (১৭ মার্চ) মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহ এসব কথা বলেন।
বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে শিশুদের কণ্ঠে জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে ১০ দিনের আয়োজনের সূচনা হয়।
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি গড়ে দিয়েছেন। তার সম্মোহনী নেতৃত্বের কথা কেউ ভুলে যাবে না। ১৯৭১ সালের ৭ মার্চ দেওয়া তার বক্তব্য বিশ্বের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশে উন্নয়নের সড়কে অনেক এগিয়ে গেছে। যা এ দেশের নাগরিকদের কঠোর পরিশ্রমের ফসল।
অনুষ্ঠানে উপস্থিত আছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরো অনেকে। এ ছাড়া ভিডিও বার্তা পাঠিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিন পিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার।