কর্ণফুলীতে গ্যাস সিলিন্ডারের আগুনে ৬ ঘর পুড়ে ছাই
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের গ্যাস সিলিন্ডারের আগুনে লেগে ৯ পরিবারের ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (২১ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় শিকলবাহার ৬ নং ওয়ার্ডে ওয়াহিদ আলীর পুরান বাড়ি ফকিরা মসজিদ এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে হতাহতদের কোনো ঘটনা ঘটেনি বলে জানা যায়।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরের পর একটি কক্ষের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে আগুন ছড়িয়ে পড়লে ৬টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে রাজাখালী ফায়ার সার্ভিস স্টেশনের দমখল বাহিনী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বসতবাড়ির অনেকাংশ পুড়ে যায়।
দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নয় পরিবারের প্রতিটি পরিবারকে সাড়ে ৩ হাজার টাকা করে নগদ অর্থ, ৩টি করে কম্বল ও এক বাইন টিন সহায়তা প্রদান করেন। পাশাপাশি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনির পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন।