করোনা রিলিফ ফান্ডে ট্রাম্পের স্বাক্ষর
অবশেষে যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস রিলিফ ফান্ডে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮৯২ বিলিয়ন ডলারের এই ফান্ডে আগে সংশোধনের আহ্বান জানিয়ে কংগ্রেসে ফেরত পাঠিয়েছিলেন ট্রাম্প।
সোমবারের মধ্যে বিলে স্বাক্ষর না করলে আংশিক সরকারি বন্ধ শুরু হতো। এর আগে ট্রাম্পকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে ফান্ডে স্বাক্ষরের তাগিত দেন জো বাইডেন।
দুই দশমিক তিন ট্রিলিয়ন ডলার ত্রাণ ও ব্যয় প্যাকেজের অংশ এই ফান্ড। এই আইনের মাধ্যমে এক কোটি ৪০ লাখ বেকার মার্কিনি উপকৃত হবে।
করোনা রিলিফ ফান্ডের আওতায় কর্মীদের চাকরিচ্যুত হওয়া ঠেকাতে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮৪ বিলিয়ন ডলার ঋণ দেয়া হবে। এছাড়া মার্কিন নাগরিকদের জন্য এককালীন ৬০০ ডলার করে অনুদানের জন্য ১৬৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে।
আন্তর্জাতিক ভ্যাকসিন অ্যালায়েন্সের জন্য ৩.৩৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে এই ফান্ডে। গাভি, ইউনিসেফ, বিশ্বব্যাংক এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এই অর্থ পাবে।