চট্টগ্রামে মাস্ক না পরায় ১৫ জনকে ৫১০০ টাকা জরিমানা
মাস্ক না পরায় ১৫ জনকে ৫ হাজার ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার ( ২৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় ও দেওয়ানহাট মোড়ে অভিযানে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় ও দেওয়ানহাট মোড় এলাকায় কোভিড ১৯ এর বিস্তাররোধে জনসাধারণকে মাস্ক ব্যবহারে সচেতন করা এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গিয়ে দেখা যায়, রাস্তায় চলাচলকারী জনসাধারণ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করে চলাফেরা করছে। এসময় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ১৫ জন ব্যক্তিকে ৫হাজার একশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ও সচেতনতা সৃষ্টির জন্য এই ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।