শীতার্তদের পাশে মহসিন কলেজ ছাত্রলীগ
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মাদ মহসিন কলেজ শাখার ছাত্রলীগ নেতা আব্দুর রাকিব নিজ উদ্যোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেন।
বাংলাদেশে শীতের সময় করোনাভাইরাসের আরেক দফা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। গত কিছুদিন ধরে নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেতে দেখা গেছে। এজন্য নানা প্রস্তুতির কথা বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শহরের বিভিন্ন স্থানে দুঃস্থ-অসহায়, গরীব, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় জনসাধারণকে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি করোনা প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।
এসময় চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার ছাত্রলীগ নেতা আব্দুর রাকিব বলেন,“প্রতিষ্ঠার পর থেকে এই দেশের প্রতিটি গণআন্দোলনে রাজপথে অগ্রসৈনিকের ভূমিকা পালনের পাশাপাশি আর্তমানবতার সেবায় ছাত্রলীগ সর্বদাই অবদান রেখে চলেছে। মানবসৃষ্ট কিংবা প্রাকৃতিক প্রতিটি দুর্যোগে-সংকটে পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঐতিহ্যবাহী এ সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমেও মানবসেবার এ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ।”
আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।