দেশে ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮২


নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৩২৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ১৮২ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৬৭ হাজার ৫৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৪৪২ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৮০ হাজার ৬৯ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি ল্যাবে নয় হাজার ৫৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে নয় হাজার ৩১২টি। এর মধ্যে আগের কিছু নমুনা ছিল।

২৪ ঘণ্টায় নতুন ২০ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৭ ও নারী তিনজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ১২১ জন ও নারী এক হাজার ২০৪ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন ও ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছে। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২০ জন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.