অদৃশ্য শত্রু তলে তলে গভীর ষড়যন্ত্র করছে: নাছির
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, দলকে ভালবাসার পূর্বশর্ত হলো মাটি ও মানুষের প্রতি আনুগত্য-এটাই হল ইতিবাচক রাজনীতির ঠিকানা। এই ঠিকানা যারা হারিয়ে ফেলবেন তাঁদের রাজনীতি করার অধিকার নেই।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে এই চেতনায় দলকে ভালবাসতে হবে এবং দলীয় আদর্শিক ভিত্তিকে মজবুত করতে হবে।
তিনি আজ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহানগরীতে বৃক্ষরোপণ ও বৃক্ষচারা বিতরণের চলমান কার্যক্রমের অংশ হিসেবে ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড, ৩৭নং মুনিরনগর ওয়ার্ড, ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে একথাগুলো বলেছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, আমরা যারা রাজনীতি যখন করি আমাদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে।
এমনকি মতের ভিন্নতাও থাকতে পারে। তবে দলের মূল চেতনা ও নেতৃত্বের প্রতি কোন ধরনের বিচ্যুতি থাকলে সেই রাজনীতিক যতই বড় হোন না কেন তিনি নীতিভ্রষ্ট। তাই পারষ্পরিক কাদা ছোঁড়াছুঁড়ি না করে আলোচনা ও পারষ্পরিক সমঝোতা এবং সমন্বয়ের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌছে যেতে পারি।
তিনি আরো বলেন, আমরা এখনো শঙ্কামুক্ত নই। কারণ অদৃশ্য শত্রু তলে তলে গভীর ষড়যন্ত্র করছে। আমাদের সবচেয়ে বড় ভরসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কয়েকবার তাঁর চারপাশে মানব প্রাচীর গড়ে তুলে জীবন রক্ষা করেছেন। নেত্রী এ বিষয়টি জানেন ও বুঝেন।
তাই ত্যাগী ও পরীক্ষিত এবং নিবেদিত প্রাণ নেতাকর্মীদের প্রতি তাঁর ভালবাসা ও গভীর আস্থা রয়েছে। তাঁর এই ভালবাসা ও আস্থার প্রতিদান দিতে হলে জনগণকে নিয়ে অশুভ অদৃশ্য শক্তির বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। সর্বোপরি সন্ত্রাস, মাদক ও ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে সব সময়ে মাঠে থাকতে হবে। বৃক্ষরোপণ সহ সকল সামাজিক আন্দোলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যে ঐতিহ্য রয়েছে সে ঐতিহ্য অনুযায়ী আমাদেরকে এই নগরী যেন নিরাপদ ও বাসযোগ্য হয়ে উঠে সেজন্য শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কাজ করে যেতে হবে।
জলবায়ু ও পরিবেশ রক্ষায় পারিবারিক ও ব্যক্তিক সচেতনতা বৃদ্ধিকল্পে সংগঠনের একেবারে তৃণমূল স্তরের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রণোদনামূলক সংযোগ স্থাপন করতে হবে। সর্বোপরি আমরা ঐক্যবদ্ধ থাকলে এবং বর্তমান সরকারের অর্জন ও সাফল্যের বার্তাগুলো যদি ঘরে ঘরে পৌছে দিতে পারি তাহলে জামাত বিএনপি সহ কোন অশুভ শক্তির ষড়যন্ত্র করে কখনো সফল হতে পারবে না।
তিনি আরো বলেন, করোনাকালে মহানগর আওয়ামী লীগ পরিস্থিতি মোকাবেলায় ৪১টি ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট নির্দেশে কোন হাইব্রীড এবং বিএনপি-জামাত থেকে কোন সুযোগ সন্ধানী যেন দলে ঢুকতে না পারে সেজন্য তৃণমূল স্তর থেকে থানা, ওয়ার্ড ও ইউনিট স্তরে নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।
তিনি আবারো পুনরুল্লোখ করেন যে, প্রতিটি ইউনিটে কার্যকরী কমিটির সভায় মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং কমিটির মধ্যে যারা বেঁচে নেই এবং কারা নিষ্ক্রীয় ও শুধুমাত্র পদ পদবী নিয়ে বসে আছেন তাদের তালিকা তৈরি করা হবে এবং মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় ইউনিট পর্যায়ের ঐ তালিকা অনুযায়ী তৃণমূল স্তরের কমিটিকে পুনর্গঠিত করার উদ্যোগ নেয়া হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় স্বনির্ভর ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমে বিভিন্ন স্থানে সভাপতিত্ব করেন ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইসকান্দর মিয়া, ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান মুরাদ, ৩৭নং মুনিরনগর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি রেদুওয়ানুল হক।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্ব শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো: হোসেন, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, শ্রম সম্পাদক আবদুল আহাদ, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, রোটারিয়ান মো: ইলিয়াছ, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের হাজী মো: ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামী লীগের হাজী মো: হাসান, মোরশেদ আলী, আবদুল মান্নান, নূরনবী লিটন, মো: নাছির প্রমুখ।
আগামীকাল ১০ সেপ্টেম্বর ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডে কায়সার নীলুফার কলেজ, ৩১নং আলকরণ ওয়ার্ডে রাজহোটেল, ২২নং এনায়েত বাজার ওয়ার্ডে বাটালী রোড রেলওয়ে স্কুলে সেন্টারে বৃক্ষচারা রোপন ও বিতরণ অনুষ্ঠিত হবে।