পরিবেশ দূষণ, পুকুর ভরাট ও পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদফতরের জরিমানা
সিনিয়র রিপোর্টারঃ নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকায় পুকুর ভরাট, আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলী এলাকার পাহাড় কাটা ও হাটহাজারী থানাধীন ফতেয়াবাদ এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে মোঃ আব্দুর রহমান, মোঃ আনসার আলী, মঈনুল ইসলাম ও মোট সেলিমকে মোট ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শুনানি শেষে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ আদেশ প্রদান করেন বলে জানা যায়।
এদের মধ্যে পাহাড়তলীতে পাহাড় কাটার দায়ে মোঃ আনসার আলীকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা, বায়েজিদ থানাধীন আরেফিননগর এলাকায় পুকুর ভরাট করার দায়ে মোহাম্মদ আবদুর রহমানকে ৭২ হাজার টাকা, এবং ফতেয়াবাদ এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে আমানত ব্রিকফিল্ডের মালিক মঈনুল ইসলামকে ১ লাখ টাকা ও চট্টলা ব্রিকসের মালিক মো. সেলিমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, নগরের বায়েজিদ থানাধীন আরেফিননগর এলাকায় পুকুর ভরাট, আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলী এলাকার পাহাড় কাটা ও হাটহাজারী থানাধীন ফতেয়াবাদ এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে চার ব্যক্তিকে মোট ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।